ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো অবৈধ তদবির চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো প্রকার অবৈধ তদবির চলবে না।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তুলতে চাই। কর্মকর্তাদের জবাবদিহি ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে। কোনো প্রকার অবৈধ তদবির চলবে না। আর বিভিন্ন বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, আমরা বাংলাদেশে মব কালচার পুরোপুরি বন্ধ করতে চাই। মব কালচার শেষ। দাবি আদায়ের নামে মব কালচার করা যাবে না। তবে যৌক্তিক দাবি আদায়ের জন্য মিছিল ও সমাবেশ করা যাবে, স্মারকলিপিও দেওয়া যাবে। আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাই।

পরে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, তা পুনরুদ্ধার করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অংশ নেন। এর আগে মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছলে তাকে গার্ড অব অনার দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। 

টিটি/এমকেআর