শাহজালাল বিমানবন্দর
‘আমরা থানা জ্বালিয়ে দিয়েছিলাম’ বলা সমন্বয়ক মাহদীকে জিজ্ঞাসাবাদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহদী হাসান/ফাইল ছবি
ভারত থেকে দেশে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিমানবন্দরে তাকে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। তবে ঠিক কী কারণে দীর্ঘ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
ইমিগ্রেশন পুলিশ সূত্রের ভাষ্য, সম্প্রতি মাহদী হাসানের বিরুদ্ধে হবিগঞ্জে একটি মামলা হয়েছিল। ওই মামলা সংক্রান্ত কাজে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার ভ্রমণে যে কোনো বিধিনিষেধ নেই, সেটিও যাচাই-বাছাই করা হয়েছে। কিন্তু ভারতে যাওয়ার সময় একইভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।
আরও পড়ুন
‘আমরা থানা জ্বালিয়ে দিয়েছিলাম’ বৈছাআ নেতার বক্তব্য ভাইরাল
আদালতে নেওয়া হয়েছে মাহাদীকে, সেখানেও নেতাকর্মীদের বিক্ষোভ
বিমানবন্দরের অন্য একটি সূত্র জাগো নিউজকে জানায়, মাহদী হাসান ভারত থেকে ফেরার সময় দিল্লি বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদ করেছে ওই দেশের পুলিশ। তখন তাকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার পর শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেন।
সে অনুযায়ী বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটে দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন মাহদী। এরপর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা তাকে জ্ঞিাসাবাদ করেন। তবে ঠিক কী কারণে মাহদী ভারতে গিয়েছিলেন, জিজ্ঞাসাবাদে তাকে কী প্রশ্ন করা হয়েছে, সেসব বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
আরও পড়ুন
জামিন পেয়ে যা বললেন মাহাদী হাসান
গত ১ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে আটক করা হলে মাহদী হাসান সেখানে যান। এসময় ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম’—এমন বক্তব্য দিয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এ ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করে। তবে আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার আগেই জামিনে মুক্তি পান মাহদী হাসান।
এমএমএ/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ প্রতিবেশীদের সঙ্গে বাস্তববাদী সম্পর্ক চায় সরকার: পররাষ্ট্রমন্ত্রী
- ২ যারা ভোট দিয়েছেন বা দেননি- সরকারের কাছে সবার অধিকার সমান
- ৩ চারপাশে সমস্যার শেষ নেই, সম্ভাবনাও কম নয়: প্রধানমন্ত্রী
- ৪ রেল ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
- ৫ গ্যাস-পানি-বিদ্যুতের অপচয় রোধ মুসলমানের ইমানি দায়িত্ব: প্রধানমন্ত্রী