ইফতারের গন্ধে মুখরিত শেওড়াপাড়া
ইফতারের গন্ধে মুখরিত শেওড়াপাড়া/ছবি-সালাহ উদ্দিন জসিম
রমজান মাসের প্রথম দিন আজ। প্রথম রোজায় ইফতার বাজারে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। রেস্তোরাঁর সামনে, রাস্তার ধারে ইফতারের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এসব বাজারের ক্রেতাও তুলনামূলক বেশি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিনে রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকায় এমন চিত্র চোখে পড়েছে।
শেওড়াপাড়া এলাকার ডেইলি সুপারশপের সামনে ফুটপাতে টেবিল সাজিয়ে বসেছে বিশাল ইফতার বাজার। এখানে সব ধরনের ইফতার সামগ্রী পাওয়া যায়। বিকেল ৫টায় দেখে গেছে ব্যাপক মানুষের উপস্থিতি। কেউ কিনছেন, কেউ কেনার জন্য অপেক্ষা করছেন। বিক্রয় কর্তাদেরও ব্যস্ততা চরমে। দাম জানতে চাইলেও উত্তর দেওয়ার ফুরসত নেই, এমন অবস্থা।
এই ইফতার বাজারে মোরগ পোলাও, বিরিয়ানি, তেহারি, কাচ্চি পাওয়া যায়। আছে হালিম ও নানা ধরনের শরবত।

দেখা গেছে- দই বড়া ৫০ টাকা, জালি কাবাব ৬০ টাকা, আস্ত রোস্ট ৬০০ টাকা, চিকেন বঁটি কাবাব- ১৮০ টাকা, শোলে কাবাব ২৮০ টাকা, হারিয়ালি কাবাব- ২৮০ টাকা, আচারী চিকেন ২৮০ টাকা, চিকেন চাপ ১৬০ টাকা, গ্রিল চিকেন ১৪০ টাকা, মিঠাইপুরি ৫০ টাকা ও টুনা ফিশ ১২০ টাকা।
এছাড়া পেঁয়াজু, আলুর চাপ বেগুনি পিস ১০ টাকা করে। শরবত আইটেম লাচ্ছি ১৫০ টাকা প্ল্যাস্টিকের বড় গ্লাসপ্যাকে। বিভিন্ন সাইজের বাটিতে হালিম ২০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। ফিরনি ৫০ টাকা।
জিলাপির দাম জিজ্ঞেস করতে গেলে বলে নাই শেষ। তবে ২৬০ থেকে ৪০০ টাকা পর্যন্ত কেজিতে জিলাপির দাম। হরেক রকমের খেঁজুরও পাওয়া যাচ্ছে, কেজি ৪৫০ টাকা থেকে শুরু করে ১৬০০ টাকা।

বিক্রয় কর্মী ফুয়াদ বলেন, আমাদের একটা আইডিয়া আছে, সে অনুযায়ী সব আইটেম করি সব সময়। ইফতারের আগেই শেষ হয়ে যায়। প্রথম দিন হওয়ায় চাপটা একটু বেশি।
ক্রেতা আবুল কালাম বলেন, এখান জিনিসগুলো ভালো। বাচ্চারা খেয়ে মজা পায়। দাম একটু বেশি হলেও নিই। প্রথম দিন হওয়ায় চাপ বেশি। অবশ্য, আমরা সব সময় এখান থেকেই নিই।
সরকারি চাকুরে আব্দুর রহমান বলেন, প্রথম ইফতার তো এজন্য একটু ভালো-মন্দ নেওয়া প্রয়োজন। তবে এখানে দাম একটু বেশি। তবে সুনাম আছে। মান ভালো। ইফতারের গন্ধে মুখরিত হয়ে যায় শেওড়াপাড়া।
এসইউজে/এমআরএম