দীপেন দেওয়ান
সরকার সব জাতিসত্তার মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও বিকাশে বদ্ধপরিকর
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান/ফাইল ছবি
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, সরকার দেশের সব জাতিসত্তার মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও বিকাশে বদ্ধপরিকর। একুশের চেতনা ধারণ করে ভাষাগত বৈচিত্র্য রক্ষা ও বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
এ সময় মন্ত্রী দীপেন দেওয়ান সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, একুশের চেতনা আমাদের অন্যায় ও শোষণের বিরুদ্ধে মাথানত না করার শিক্ষা দেয়।
তিনি বলেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের সংস্কৃতি, আত্মপরিচয় ও জাতীয় চেতনার ভিত্তি। বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত সব জাতিসত্তার মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও বিকাশে বদ্ধপরিকর।
মন্ত্রী বহু ভাষিক ও বহু সাংস্কৃতিক ঐতিহ্যের এই বাংলাদেশে পারস্পরিক শ্রদ্ধা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দেশের উন্নয়নের পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এমএএস/ইএ