চট্টগ্রামে শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের ফুল, ভিডিও ভাইরাল
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার চারজন নেতাকর্মীকে ফুল হাতে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ধারণ করা প্রায় ২২ সেকেন্ডের ওই ভিডিও ও কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।
ভিডিওতে চারজনকে ‘ভাষাশহীদের স্মরণে, ভয় করি না মরণে’, ‘ইসলামিয়া কলেজ ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়।
তবে ভিডিওটি চট্টগ্রামের কোন শহীদ মিনারে এবং ঠিক কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ফেসবুক পোস্টেও শহীদ মিনারের সুনির্দিষ্ট অবস্থান উল্লেখ করা হয়নি।
পোস্টে বলা হয়, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হচ্ছে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জার পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের কথাও উল্লেখ করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে একই ফেসবুক আইডি থেকে শহীদ মিনারে ফুল দেওয়ার চারটি পৃথক স্থানের ছবি ও ভিডিও শেয়ার করা হয়। একটি পোস্টে ৪২ নম্বর নাসিরাবাদ (সাংগঠনিক) ওয়ার্ড ছাত্রলীগ নেতা আলাউদ্দীন শিবলুর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা বলা হয়।
অন্য পোস্টে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে উল্লেখ করা হয়। আরও একটি পোস্টে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে গন্ডামারা ইউনিয়নের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের কথা বলা হয়। পাশাপাশি উম্মে কাওসার এপি, যুব সংগঠক, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের পক্ষ থেকেও ফুল দেওয়ার তথ্য জানানো হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমআরএএইচ/এমএমএআর