ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

আহসান মঞ্জিল জাদুঘর

ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও শিশুদের উৎসব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:২২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে আহসান মঞ্জিল জাদুঘর।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাদুঘর প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

দিবসটি উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা’র আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে ভাষার প্রতি ভালোবাসা ও শুদ্ধ বাংলা চর্চার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা বলেন, নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার শুদ্ধ ব্যবহার ও নান্দনিক লেখনশৈলী গড়ে তুলতেই এ আয়োজন।

সকাল ১১টায় জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান মঞ্জিল জাদুঘরের প্রধান তত্ত্বাবধায়ক (রুটিন দায়িত্ব) মো. সুলতান মাহমুদ। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাদুঘরের উপ-প্রধান তত্ত্বাবধায়কর দিবাকর সিকদার। এ সময় জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিবসটি ঘিরে আয়োজিত হাতের লেখা প্রতিযোগিতার বিভিন্ন মুহূর্তের স্থিরচিত্রও সংরক্ষণ করা হয়।

এমডিএএ/এসএইচএস