ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মূল চ্যালেঞ্জ জনগণের প্রত্যাশা পূরণ: প্রতিমন্ত্রী ইশরাক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:১৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের মাধ্যমে দেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরেছে মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, এখন মূল চ্যালেঞ্জ হলো জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রব্যবস্থাকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো।

শনিবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, নির্বাচন-পূর্ব যে অঙ্গীকার ছিল, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত কর, তা এখনো বহাল রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, মুক্ত ও স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই আমাদের রাজনৈতিক সংগ্রামের মূল লক্ষ্য।

তিনি দাবি করেন, বিগত দেড় দশকে নির্বাচনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় গণতন্ত্র দুর্বল হয়েছে এবং এর ফলে মুক্তিযুদ্ধের আদর্শও আঘাতপ্রাপ্ত হয়েছে। যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছিল, তারাই সেই চেতনাকে ব্যবহার করে রাষ্ট্রকে দুর্নীতি, গুম ও সহিংসতার দিকে ঠেলে দিয়েছিল।
 
প্রতিমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক নির্বাচনের মধ্যদিয়ে দেশ একটি নির্বাচিত সরকার পেয়েছে, যা গণতান্ত্রিক কাঠামোকে পুনরুজ্জীবিত করার সুযোগ সৃষ্টি করেছে। তবে জনগণের প্রত্যাশা অঞ্চল, পেশা ও শ্রেণিভেদে চাহিদা আলাদা হতে পারে। বিষয়টি মাথায় রেখেই সরকারকে কাজ করতে হবে বলে জানান তিনি।

ভাষা আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভাষা আন্দোলনই ছিল মুক্তিযুদ্ধের বীজ রোপণের সূচনা। সেই চেতনার মূল বার্তা ছিল ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা।

বাংলাদেশকে একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান উপস্থিত ছিলেন।

এমডিএএ/ইএ