হাটহাজারীতে নাশকতা মামলার পলাতক আসামি গ্রেফতার
র্যাবের হাতে গ্রেফতার মো. ফরিদ। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে নাশকতা মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে মো. ফরিদ (৪৮) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। ফরিদ ফরহাদাবাদ এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, হাটহাজারী থানার একটি নাশকতা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. ফরিদ এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে ফরহাদাবাদ ইউনিয়নের দিদার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, তার বিরুদ্ধে হাটহাজারী থানায় বিস্ফোরকদ্রব্য আইনের ধারায় মামলা রয়েছে। সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও নাশকতাসহ মোট সাতটি মামলার তথ্য পাওয়া গেছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/এমএএইচ/