ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

যাত্রাবাড়ীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন জুরাইন হুন্ডিগড় এলাকায় লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মো. আজিজুল ইসলাম (৫৮) ও মো. সাইফুল ইসলাম (৫৫)।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

তাদের নিয়ে আসা পথচারী মো. খোকন জানান, জুরাইন হুন্ডিগড় এলাকায় লেগুনা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন গুরুতর আহত হন। পরে আমরা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত মো. আজিজুল ইসলাম প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। তিনি ৩৩/১২ সতীশ সরকার রোড এলাকার এম এ সালাম মৃধার ছেলে। এ ঘটনায় আরেকজন নিহত সাইফুল নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার লোকমান খোন্দকারের ছেলে। বর্তমানে, গেন্ডারিয়ার ডি আই টি মসজিদ এলাকার একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। নিহত তিন মেয়ের জনক ছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এএমএ/জেআইএম