ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

পহেলা বৈশাখের আগেই শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬

স্থগিত হওয়া শেরপুর-৩ ও শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপ-নির্বাচন আগামী পহেলা বৈশাখের (১৪ এপ্রিল) আগেই সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৈশাখবরণ উৎসবের আমেজ শুরু হওয়ার আগেই এ দুটি আসনে ভোটগ্রহণ সম্পন্ন করতে চায় কমিশন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানিয়েছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, দুটি আসনের (বগুড়া-৬ ও শেরপুর-৩) উপ-নির্বাচন আমরা আশা করছি পহেলা বৈশাখের আগেই শেষ করতে পারবো। সাধারণত পহেলা বৈশাখে উৎসব থাকে, ফলে এর আগেই ভোটগ্রহণ সম্পন্ন করতে চাই। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোট হবে।

বগুড়া-৬ আসনের নির্বাচন বিষয়ে ইসি মাছউদ বলেন, বগুড়ায় যারা প্রবাসী ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন, তারা এরই মধ্যে ভোট দিয়েছেন। আমরা তাদের কাছে আবার ব্যালট পাঠাবো। নতুন করে কেউ যদি বাদ পড়ে থাকে, তাদের জন্য আরও দু-চারদিন সময় দেওয়া হতে পারে।

উপ-নির্বাচনের পাশাপাশি সংরক্ষিত নারী আসনের নির্বাচন বিষয়ে তিনি বলেন, দলগুলোর মনোনয়ন প্রক্রিয়ার মাধ্যমে এই নির্বাচনের কাজ মূলত শুরু হয়ে গেছে। গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট শেষ করতে পারবো।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন তারেক রহমান। ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্বের সিদ্ধান্ত জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। একই দিন বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

অন্যদিকে, গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করে ইসি।

এমওএস/এমকেআর