লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও
রাজধানীর হাতিরঝিলে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় থানার সামনে এলাকাবাসীর বিক্ষোভ/ছবি: সংগৃহীত
রাজধানীর হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানিতে এক শিশুর মরদেহ পাওয়ার ঘটনায় ফুঁসে উঠেছেন এলাকাবাসী।
তারা দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান ও সড়ক অবরোধ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে পশ্চিম উলন এলাকায় তাহেদী (৮) নামের শিশুটির মরদেহ পাওয়া যায়। তারাবির নামাজের সময় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হলে দীর্ঘ খোঁজাখুঁজির একপর্যায়ে বাসার পাশের ভবনে তার মরদেহ দেখতে পান এলাকাবাসী।
খবর পেয়ে হাতিরঝিল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বুধবার রাতে হাতিরঝিল থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টিটি/একিউএফ