জেলা পর্যায়ে নতুন আইনশৃঙ্খলা কমিটি গঠন করলো সরকার
সারাদেশে জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি গঠন করেছে সরকার। কমিটিতে জেলা প্রশাসককে সভাপতি এবং অতিরিক্ত জেলা প্রশাসককে সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপ-সচিব কে এম ইয়াসির আরাফাত। ৩১ জন সদস্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
জেলা আইনশৃঙ্খলা কমিটির কার্য-পরিধিতে রয়েছে-
১. সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংঘটিত অপরাধ পর্যালোচনা করা।
২. আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরিকল্পনা নেওয়া ও পরিকল্পনা মোতাবেক কার্য সম্পাদন করা।
৩. অপরাধী ও সমাজবিরোধী ব্যক্তিদের অপরাধমূলক কার্যকলাপ ফলপ্রসূভাবে প্রতিরোধকল্পে পরিকল্পনা গ্রহণ ও যথোপযুক্ত পন্থা নির্ধারণের মাধ্যমে তা বাস্তবায়ন করা।
৪. খুন, ধর্ষণ, ছিনতাই, অপহরণ, এসিড নিক্ষেপ, মেয়েদের উত্যক্তকরণ, নারী ও শিশু পাচার, কিশোর গ্যাং এর অপরাধ, মাদক ব্যবসা ও সেবন ইত্যাদি জঘন্য প্রকৃতির অপরাধ নিয়ন্ত্রণকল্পে কার্যকর কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা।
৫. অপরাধ ও অপরাধীদের নিয়ন্ত্রণে রাখার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা এবং পরিকল্পনায় তাদের সম্পৃক্তকরণ।
৬. অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে (পুলিশ, আনসার ও ভিডিপি ইত্যাদি) সমন্বিত পদক্ষেপ গ্রহণে উৎসাহ দেওয়া।
৭. আইনশৃঙ্খলার উন্নয়নে সরকার/বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির নিকট প্রয়োজনীয় সুপারিশ প্রেরণ।
৮. আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে অন্যান্য প্রয়োজনীয় বিষয় বিবেচনায় নেওয়া।
৯. সরকার কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত নির্দেশনা মোতাবেক কার্যক্রম নেওয়া।
১০. জেলা আইনশৃঙ্খলা কমিটির স্থানীয় প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটরা যে কোনো সরকারি কর্মকর্তা/দপ্তর প্রধানকে কমিটির সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবেন।
১১. কমিটি প্রতি মাসে কমপক্ষে একবার সভায় মিলিত হবে এবং প্রয়োজনবোধে যে কোনো সময়ে সভা অনুষ্ঠান করবে।
১২. পুলিশ সুপার প্রয়োজনীয় তথ্য উপাত্তসহ সভায় আবশ্যিকভাবে উপস্থিত থাকবেন।
টিটি/এএমএ
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: মেয়র শাহাদাত
- ২ শিগগির ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ বইমেলা হোক জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের সূতিকাগার: প্রধানমন্ত্রী
- ৪ সব ভূমি অফিসে নামজারি-খতিয়ানের ফি টাঙিয়ে রাখতে হবে
- ৫ বাকলিয়ায় চার প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা