ইফতারের এক মিনিট আগে হামলা: কাতারে প্রবাসীর চোখে ভয়াবহ দৃশ্য
কাতার প্রবাসী মঞ্জুরুল
কাতারে হঠাৎ শুরু হওয়া ইরানি মিসাইল হামলায় আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানে বসবাসরত প্রবাসীরা। ইফতারের ঠিক আগমুহূর্তে যখন সবাই প্রস্তুতির শেষ পর্যায়ে, তখনই আকাশের বুক চিরে ধেয়ে আসতে থাকে একের পর এক মিসাইল। এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জাগো নিউজকে জানিয়েছেন সেখানে কর্মরত বাংলাদেশি যুবক মঞ্জুরুল হক।
ঝিনাইদহের শৈলকুপার মঞ্জুরুল দেড় বছর আগে পরিবার ছেড়ে ভাগ্যের চাকা বদলাতে যান কাতারে। তিনি দোহারে একটি কোম্পানিতে চাকরি করেন।
ইফতারের এক মিনিট আগের সেই দৃশ্য
মনজুরুল জানান, বাংলাদেশি ১০-১১ জনকে সঙ্গে নিয়ে তারা দোহারের একটি পার্কে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন। ইফতার শুরু হওয়ার ঠিক এক মিনিট আগে হঠাৎ দেখি আকাশের অবস্থা বদলে গেছে। আনুমানিক ৫টা ৩৫ মিনিটে হামলা শুরু হয় এবং প্রায় ১০ মিনিট ধরে চলে। পার্কে বসেই তারা মিসাইল ছোড়ার দৃশ্য দেখতে পান। এরপর দ্রুত ইফতার শেষ করে বাসায় ফিরে আসেন।
কাছেই ছিল হামলার লক্ষ্যবস্তু
হামলাটি মনজুরদের অবস্থান থেকে খুব বেশি দূরে ছিল না। যে জায়গায় হামলা হয়েছে, সেখান থেকে তাদের দূরত্ব ছিল মাত্র এক কিলোমিটার। বিকট শব্দের পাশাপাশি তারা সেখান থেকে ধোঁয়া উড়তেও দেখেছেন। পরিস্থিতি এতটাই অস্বাভাবিক ছিল যে, অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে ইফতার করা তাদের পক্ষে সম্ভব হয়নি।।
নিরাপত্তা ও সরকারি নির্দেশনা
হামলার পর কাতার সরকার ও বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসীদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। মঞ্জুরুল জানান, বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা করতে নিষেধ করা হয়েছে। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন নম্বর দেওয়া হয়েছে, যেখানে ফোন করলে তিন থেকে চার মিনিটের মধ্যেই পুলিশ চলে আসে বলে তিনি জানান।
বর্তমান পরিস্থিতি ও কাজের ওপর প্রভাব
মঞ্জুরুল গত দেড় বছর ধরে কাতারে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করছেন। বর্তমানে রাস্তাঘাটে গাড়ি চলাচল করলেও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তিনি বলেন, রাস্তায় গাড়ি আছে কিন্তু মানুষ অনেক কম। যারা কর্মব্যস্ত মানুষ, শুধু তারাই কাজের প্রয়োজনে বের হচ্ছে।
ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বড় ধরনের আর্থিক সংকটের আশঙ্কা করছেন প্রবাসীরা। মঞ্জুরুল বলেন, যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে আমাদের অনেক সমস্যা হবে, বিশেষ করে আমাদের ওপর একটা বড় ফিন্যান্সিয়াল চাপ তৈরি হবে। এরই,ধ্যে অনেক দেশের বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।
বর্তমানে মঞ্জুরুলসহ অন্য আটজন বাংলাদেশি একটি রুমে অবস্থান করছেন। দেশ থেকে আত্মীয়-স্বজনরা দুশ্চিন্তা প্রকাশ করলেও তারা আপাতত সাবধানে থাকার চেষ্টা করছেন এবং প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না।
এদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আইআরজিসির আউটলেট ফারস নিউজ।
টিটি/এসএনআর