ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সৌরবিদ্যুৎ খাতে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে ফের আগ্রহ মার্কিন কোম্পানির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০০ এএম, ০২ মার্চ ২০২৬

বাংলাদেশে জ্বালানি খাতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার (৩ হাজার ৫০ কোটি টাকা) বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্রভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান সানএডিসন। সৌরবিদ্যুৎ খাতে এ বিনিয়োগ প্রস্তাব নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।

প্রতিষ্ঠানটি ২ থেকে ১২ মার্চের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে। রোববার (১ মার্চ) রাতে ওই চিঠির একটি কপি জাগো নিউজের হাতে এসেছে।  

সানএডিসনের চিফ অপারেটিং অফিসার ও জেনারেল কাউন্সেল ডেভিড রিংহোফারের সই করা চিঠিতে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে এ বৈঠকের অনুরোধ জানানো হয়। চিঠিতে বলা হয়, সানএডিসন ও সিঙ্গাপুরের কোম্পানি সাউদার্ন সোলার পাওয়ার লিমিটেড ২০১৭ সালের ৭ জানুয়ারি সরকারের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) সই করে এবং টেকনাফে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করে।

আরও পড়ুন
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া 
৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও 

তবে ২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গাদের ব্যাপক আগমনের পর প্রকল্প এলাকা ও প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ ১৩২ কেভি সঞ্চালন লাইনের করিডোরে শরণার্থীরা বসতি স্থাপন করায় প্রকল্প বাস্তবায়ন জটিল হয়ে পড়ে। সেই পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি প্রকল্প স্থানান্তরের আবেদন করে এবং কক্সবাজারে বিকল্প স্থানের জন্য জমি ক্রয়ের অধিকার (বায়না) জমা দেয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী সময়ে তৎকালীন সরকার আর্থিক প্রণোদনা দাবি করে। যদিও বাংলাদেশ সুপ্রিম কোর্ট মন্ত্রণালয়কে পিপিএ বাতিল না করার নির্দেশ দিয়েছিলেন, তবুও চুক্তি বাতিল করা হয়। কোম্পানিটি দাবি করেছে, ওই বাতিলপত্র ছিল অবৈধ। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হলেও কোনো সুরাহা হয়নি।

তবে প্রতিষ্ঠানটি অতীতের অনিয়ম পুনরালোচনা নয়, বরং একটি গঠনমূলক ও স্বচ্ছ সমাধানের লক্ষ্যে এগোতে চায় বলে জানিয়েছে। চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ সম্ভাবনা বাস্তবায়নে বর্তমান নেতৃত্বের অধীনে একটি ইতিবাচক অগ্রগতি সম্ভব।

প্রস্তাবিত বৈঠকে কোম্পানির সিটিও ডেভিড স্প্রিংগার, কনসালটিং ডিরেক্টর মোহাম্মদ রব, মোবাশের হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকতে পারেন বলে জানানো হয়েছে।

এনএস/কেএসআর