ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা ‘এমভি বাংলার জয়যাত্রা’

ইকবাল হোসেন | প্রকাশিত: ১০:৪৯ এএম, ০২ মার্চ ২০২৬
  • সাময়িক বন্ধ খালাস কার্যক্রম, নিরাপদে নাবিকরা
  • বিএসসি বলছে, সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রয়েছে দেশটির। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থান করছে বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। উত্তেজনাকর পরিস্থিতির কারণে জাহাজটির খালাস কার্যক্রম সাময়িক স্থগিত এবং নাবিক ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার (১ মার্চ) দিবাগত রাতে এমনটাই জানিয়েছেন জাহাজটির মালিক বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।

আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা ‘এমভি বাংলার জয়যাত্রা’

জানা গেছে, কাতারের মেসাইয়িদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় ‘এমভি বাংলার জয়যাত্রা’। জাহাজটিতে ৩১ জন নাবিক রয়েছেন। এটি ছাড়াও বিএসসির মালিকানার আরও ৬টি জাহাজ বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, সেনেগাল, লাইবেরিয়া ও পাকিস্তানের বিভিন্ন বন্দরে রয়েছে।

আরও পড়ুন:

ইরানের পাল্টা হামলায় আমিরাতে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে
ইরানে ১২০০ বোমা ফেলে আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইসরায়েলের
দুবাই এখন কার্যত ভূতুড়ে শহর, ইরানি হামলায় আতঙ্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্প্রতি যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক-বেসামরিক কর্মকর্তা ও খামেনি পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছেন। এ হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে। বিশেষ করে আরব উপসাগরজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। হামলায় সংযুক্ত আরব আমিরাত বেশ ক্ষতিগ্রস্ত হয়। কাতারের দোহায় এবং সৌদি আরবের রাজধানী রিয়াদেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা ‘এমভি বাংলার জয়যাত্রা’

এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, শনিবার সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা ১৬৭টি ক্ষেপণাস্ত্র এবং ৫৪১টি ইরানি ড্রোন হামলা মোকাবিলা করেছে।

এদিকে, আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়। ইরানের এ ড্রোন হামলা ঠেকানো হলেও ধ্বংসাবশেষ পড়ে সালেহ আহমদ নামে একজন বাংলাদেশি নিহত হয়েছেন সেখানে। নিহত সালেহ আহমেদ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকা এলাকার ছবর আলীর ছেলে।

আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা ‘এমভি বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আমিরাতে নিজেদের জাহাজ থাকায় উদ্বেগ বেড়েছে বিএসসির। জাহাজটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার কথা জানিয়ে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জাগো নিউজকে বলেন, ‘বাংলার জয়যাত্রা দুইদিন আগে জেবেল আলী বন্দরে পৌঁছায়। জাহাজে ৩৮ হাজার আটশো টন স্টিল কয়েল রয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে জাহাজের পণ্য খালাস সাময়িক স্থগিত রয়েছে। জাহাজের মাস্টারের সঙ্গেে এরইমধ্যে অনলাইনে বৈঠক হয়েছে। এসময় তাদের নিজেদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি বাড়তি সতর্কতা নেওয়াসহ বিস্তারিত নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে। বন্দরে অবস্থানকালে কঠোর প্রবেশ নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং নাবিকদের মনোবল অটুট রাখার পরামর্শ দেওয়া হয়েছে।’

মাহমুদুল মালেক বলেন, জাহাজটি বন্দরের জেটিতে অবস্থান করছে। বন্দর জেটি তুলনামূলকভাবে নিরাপদ। কারণ জরুরি পরিস্থিতিতে নাবিকরা বন্দরের অভ্যন্তরে আশ্রয় নিতে পারবেন। জাহাজে পর্যাপ্ত খাদ্য ও পানি মজুদ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বন্দরের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পাশাপাশি নিয়মিতভাবে পরিস্থিতির আপডেট দিতে মাস্টারকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জাহাজটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে নৌপরিবহন প্রতিমন্ত্রী ও ডিজি শিপিংকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন:

ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি বার্তা
হরমুজ প্রণালি বন্ধ, তেল-জ্বালানি-প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থগিত
আমিরাতে বাংলাদেশিসহ এখন পর্যন্ত নিহত ৩, আহত ৫৮

এদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার বারণে বিশ্বের বিভিন্ন শিপিং কোম্পানি উপসাগরীয় নৌপথ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ফ্রান্সভিত্তিক বিশ্বের তৃতীয় বৃহত্তম কনটেইনার পরিবহন প্রতিষ্ঠান সিএমএ সিজিএম মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গ্রাহকদের জন্য সতর্কবার্তা জারি করেছে। প্রতিষ্ঠানটি পারস্য উপসাগরে অবস্থানরত এবং ওই অঞ্চলের উদ্দেশে যাত্রারত জাহাজগুলোকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুয়েজ খাল দিয়ে চলাচল স্থগিত করে কেপ অব গুড হোপ হয়ে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা ‘এমভি বাংলার জয়যাত্রা’

জানা গেছে, ২০১৮ সালে বিএসসির বহরে যুক্ত হয় বাল্ক ক্যারিয়ার ‘এমভি বাংলার জয়যাত্রা’। ৩৯ হাজার টন ধারণক্ষমতার জাহাজটি নির্মাণ করে চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন (সিএমসি)। চীন সরকারের সঙ্গে যৌথ অর্থায়নে জাহাজটি কেনা হয়েছিল।

এর আগে, ২০২২ সালের ১ মার্চ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনের অলভিয়া বন্দরের কাছে আটকে পড়া বিএসসির জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয় এবং এক বাংলাদেশি নাবিক নিহত হন। পরে জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে বিএসসি।

এমডিআইএইচ/এসএনআর/জেআইএম