ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সংসদের চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৫ পিএম, ০২ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি বরগুনা-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিএনপির ভাইস চেয়ারম্যান।

একই দিন সংসদের হুইপ হিসেবে নিয়োগ পান ছয়জন সংসদ সদস্য। তারা হলেন—হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান।

জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এসব নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ নিতে পারেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ঘোষিত ফলাফলে দেখা যায় দলটি দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ী হয়। গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। সংবিধান অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন।

এমওএস/এমকেআর