ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

আন্তর্জাতিক কেক আর্ট প্রতিযোগিতায় বাংলাদেশের স্বর্ণপদক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২৯ পিএম, ০২ মার্চ ২০২৬

মালদ্বীপে অনুষ্ঠিত আন্তর্জাতিক কেক আর্ট প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড কেক আর্টিস্ট্রি অ্যাওয়ার্ড ২০২৬’ স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশের তরুণ পেস্ট্রি শেফ ও আন্তর্জাতিক ট্রেইনার মো. সাব্বির হোসেন হৃদয়।

প্রতিযোগিতার ‘অ্যাডভান্স ফ্লোরাল পাইপিং’ ক্যাটাগরিতে অসাধারণ সৃজনশীলতা, নান্দনিকতা ও কারিগরি দক্ষতার স্বাক্ষর রেখে তিনি এ সাফল্য অর্জন করেন।

সোমবার (২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপের কুরুম্বা রিসোর্টে সম্প্রতি অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ৩৮টি দেশের প্রায় ৮০০ জন খ্যাতনামা আর্টিস্ট অংশ নেন। বিভিন্ন ধাপে এই প্রতিযোগিতার মধ্যদিয়ে গোল্ড মেডেল ও ট্রফি অর্জনের মাধ্যমে মো. সাব্বির হোসেন হৃদয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দক্ষতার স্বীকৃতি অর্জন করেছেন। অনুষ্ঠানে মালদ্বীপ সরকারের যুব ক্ষমতায়ন, তথ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি মোহাম্মদ আসিল তার হাতে পুরস্কার তুলে দেন।

এই আন্তর্জাতিক সাফল্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী তার কার্যালয়ে মো. সাব্বির হোসেন হৃদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

jagonews24

তিনি বলেন, এ অর্জন দেশের দক্ষতা উন্নয়ন খাতের জন্য অত্যন্ত গর্বের এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সক্ষমতার উজ্জ্বল উদাহরণ। এ সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি বাংলাদেশের দক্ষতা উন্নয়ন ব্যবস্থার অগ্রগতি ও আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতা করার সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত।

২০২১ সালে এনএসডিএ আয়োজিত জাতীয় দক্ষতা প্রতিযোগিতায় বেকারি ট্রেডে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার মধ্যদিয়ে সাব্বির হোসেন হৃদয়ের আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু হয়। এনএসডিএ আয়োজিত জাতীয় দক্ষতা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে তিনি বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা ২০২২-এ অংশগ্রহণের সুযোগ লাভ করেন।

একই বছর সুইজারল্যান্ডের লুজান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ডস্কিলস কম্পিটিশন-২০২২ স্পেশাল এডিশনে অংশ নিয়ে তিনি বিশ্বমঞ্চে অষ্টম স্থান অধিকার করেন, যা বাংলাদেশের জন্য এক উল্লেখযোগ্য অর্জন। তার সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে ওয়ার্ল্ড স্কিলস ইন্টারন্যাশনাল তাকে ‘বেস্ট অব নেশন’ ঘোষণা করে।

এছাড়া মো. সাব্বির হোসেন হৃদয় তার প্রতিষ্ঠান ‘রিদয় বেক হাউস’-এর মাধ্যমে অনলাইন ও অফলাইনে প্রায় ১০ হাজারের অধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন, যা দেশের বেকিং ও পেস্ট্রি খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ইএইচটি/ইএ