ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদের নিয়োগ বাতিল
ফারুক আহমেদ/ফাইল ছবি
রাজধানীতে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
এ বিষয়ে সোমবার (২ মার্চ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব দেলোয়ার হোসেন।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে ফারুক আহমেদকে ডিএমটিসিএলের এমডি হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের সময় মেট্রোরেলের প্রথম এমডি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন অবসরোত্তর ছুটিতে থাকা সচিব এম এ এন ছিদ্দিক। ২০১৭ সালের ২৬ অক্টোবর তিনি মেট্রোরেলে যোগ দেন।
অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এম এ এন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। পরে আরেক অফিস আদেশে মেট্রোরেলের অতিরিক্ত প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আব্দুর রউফকে এমডি পদে চলতি দায়িত্ব দেওয়া হয়।
এরপর ডিএমটিসিএলে এমডি নিয়োগে আন্তর্জাতিক বিজ্ঞপ্তি দেয় সড়ক পরিবহন মন্ত্রণালয়। এই পদে নিয়োগ পেতে দেশি-বিদেশি ৭৬ জন আবেদন করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামানের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি আবেদনকারীদের মধ্য থেকে সাতজনের সংক্ষিপ্ত তালিকা করে। তা থেকে ফারুক আহমেদকে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করা হয়।
এমএমএ/একিউএফ