এলপি গ্যাসে ভ্যাট কমানোর সুফল নেই, বিক্রি বাড়তি দামেই
লাইনে নিয়মিত গ্যাস না থাকায় রাজধানীবাসীকে বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহার করতে হয়/ফাইল ছবি
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ওপর থেকে ভ্যাট কমানো হলেও সাধারণ ক্রেতারা এর সুফল পাচ্ছেন না। দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে রাজধানীতে এখনো বেশি দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
ক্রেতাদের অভিযোগ, সরকারিভাবে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হলেও সেই দাম মানা হচ্ছে না। অনেক দোকানেই ৪০০ থেকে ৫০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। দোকানিরা পরিবহন খরচ বা সরবরাহে সংকটের অজুহাত দেখিয়ে অতিরিক্ত টাকা নিচ্ছেন। এতে মাসের খরচ বেড়ে যাচ্ছে। কারণ অনেকের বাসায়ই লাইনের গ্যাস নেই কিংবা থাকলেও নিয়মিত পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহার করতে হয়।
কামরাঙ্গীরচরের বাসিন্দা রাসেল হোসেন বলেন, ‘সিলিন্ডার আগের দামেই বিক্রি হচ্ছে। কিনতে গেলে তো কম দামে পাই না। দুদিন আগেও ১ হাজার ৭০০ টাকা দিয়ে কিনেছি। শুধু শুনি দাম কমেছে, কিন্তু কিনতে গেলেই বেশি।’
একই হতাশা মিরপুরের বাসিন্দা রোকসানা আক্তারের কণ্ঠে। তিনি বলেন, ‘সরকারি রেটের চাইতে বেশি দাম দিয়ে সিলিন্ডার কিনতে হচ্ছে। এগুলো দেখার কি কেউ নেই? এমনিতেই সংসারের খরচ বেশি, তারপর সিলিন্ডার কিনতে হয় বেশি দামে।’
যাত্রাবাড়ীতে থাকা তানজিল হোসেন বলেন, ‘সিলিন্ডারের দামের কোনো ঠিক-ঠিকানা নেই। ১৮শ, ১৯শ টাকা দিয়ে কিনতে হয়। দাম বেশি নেয় সবসময়। বাসায় তো সবসময় গ্যাস থাকে না। বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহার করতে হয়।’
তবে খুচরা বিক্রেতাদের দাবি, ডিলারদের নেওয়া বেশি দাম ও পরিবহন ব্যয়সহ বিভিন্ন কারণে নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রি করা সম্ভব হচ্ছে না।
গ্যাসের ওপর ভ্যাট হ্রাস
বাজার স্থিতিশীল এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি রাখতে সরকার এলপি গ্যাসের ওপর সামগ্রিক ভ্যাট হ্রাস করে। গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, বিদ্যমান ব্যবস্থায় এলপিজির স্থানীয় উৎপাদন ও বিপণন পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রযোজ্য ছিল এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ অগ্রিম কর (এটি) পরিশোধ করতে হতো।
আরও পড়ুন
১০ বেসরকারি কোম্পানির নিয়ন্ত্রণে এলপিজির বাজার
সরকারি দাম তোয়াক্কা না করেই বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস
মার্চে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায়নি সরকার
শিল্পকারখানা ও গৃহস্থালি- উভয় ক্ষেত্রেই এলপিজিকে একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে বিবেচনা করে জনস্বার্থে কর কাঠামো যৌক্তিক করার সিদ্ধান্ত নেয় সরকার।
গত ১৬ ফেব্রুয়ারি আলাদা দুটি প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় উৎপাদন ও বিপণন পর্যায়ের ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে। এর পরিবর্তে এলপিজির আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। ৩০ জুন ২০২৬ পর্যন্ত এটা কার্যকর থাকবে।
এই পুনর্বিন্যাসের ফলে আমদানির পর স্থানীয় উৎপাদন ও বিতরণ পর্যায়ে মূল্য সংযোজনের ওপর আর কোনো ভ্যাট প্রযোজ্য হবে না। অর্থাৎ, সরবরাহ শৃঙ্খলের বিভিন্ন স্তরে একাধিকবার ভ্যাট আরোপের পরিবর্তে এখন কেবল আমদানি পর্যায়েই একবার কর আদায় করা হবে।
এনবিআর জানিয়েছিল, প্রজ্ঞাপন কার্যকর হওয়ার তারিখ থেকে আগের কাঠামোর তুলনায় ভোক্তাদের ওপর সামগ্রিক ভ্যাটের চাপ প্রায় ২০ শতাংশ কমবে বলে আশা করা হচ্ছে। কিন্তু বাস্তবে বাড়তি দাম দিয়েই ভোক্তাদের সিলিন্ডার কিনতে হচ্ছে।
চলতি বছরের দাম
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি সিলিন্ডারের দাম গত জানুয়ারিতে নির্ধারণ করে ১ হাজার ৩০৬ টাকা। গত ২ ফেব্রুয়ারি ৫০ টাকা বেড়ে তা হয় ১ হাজার ৩৫৬ টাকা। তবে ভ্যাট কমানোর পর গত ২৩ ফেব্রুয়ারি ১৫ টাকা হ্রাস করে ১ হাজার ৩৪১ টাকা দাম নির্ধারণ করা হয়।
মার্চ মাসের দাম
গত ২ মার্চ বিজ্ঞপ্তি জারি করে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করে বিইআরসি। এতে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত ১ হাজার ৩৪১ টাকা ধার্য করা হয়। এছাড়া সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৩৯৭ টাকা এবং ১৫ কেজির দাম ১ হাজার ৬৬৭ টাক থেকে বাড়িয়ে ১ হাজার ৬৭৬ টাকা করা হয়।
সেই সঙ্গে ১৬ কেজির দাম ১ হাজার ৭৮৯ টাকা থেকে ১ টাকা, ১৮ কেজির দাম ২ হাজার ১২ টাকা থেকে ১ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ২৩৬ টাকা থেকে ১ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৪৫৯ টাকা থেকে ১ টাকা, ২৫ কেজির দাম ২ হাজার ৭৯৫ টাকা থেকে ১ টাকা, ৩০ কেজির দাম ৩ হাজার ৩৫৪ টাকা থেকে ২ টাকা, ৩৩ কেজির দাম ৩ হাজার ৬৮৯ টাকা থেকে ২ টাকা, ৩৫ কেজির দাম ৩ হাজার ৯১৩ টাকা থেকে ২ টাকা ও ৪৫ কেজির দাম ৫ হাজার ৩১ টাকা থেকে ৩ টাকা কমানো হয়েছে।
এনএস/একিউএফ
সর্বশেষ - জাতীয়
- ১ খামেনির মৃত্যুতে মামুনুল হকের সমবেদনা, দূতাবাসের শোকবইয়ে সই
- ২ এক বছরে ধর্ষণ বেড়েছে ৫২ শতাংশ, জানুয়ারিতেই সহিংসতার শিকার ২৭২ নারী
- ৩ ঈদযাত্রা সহজ করতে ১৬ মার্চের ট্রেনের টিকিট মিলবে শুক্রবার
- ৪ ট্যাংকি ফুল করার হিড়িক, পাম্পে ঝুলছে ‘তেল নেই’
- ৫ মাদকবিরোধী কর্মসূচি বাস্তবায়নে শুরু হলো আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টার