পুলিশ সদস্যদের জীবনে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে: আইজিপি
পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন আইজিপি মো. আলী হোসেন ফকির/ছবি: সংগৃহীত
পুলিশ সদস্যদের জীবনে নৈতিকতা ও সদাচরণ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শুক্রবার (৬ মার্চ) পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাদ জুমা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠানটি হয়।
আইজিপি বলেন, পুলিশ সদস্যদের জীবনে ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে। ইসলাম শান্তির ধর্ম। আর পুলিশ সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে থাকেন।
আলী হোসেন ফকির আইনি সুরক্ষা, ন্যায়বিচার ও সদাচরণের মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
পুলিশপ্রধান এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে তিনি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি কাজী মো. ফজলুল করিম। এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় আজানে চট্টগ্রাম জেলার কনস্টেবল মো. মনিরুল ইসলাম প্রথম, ৩ এপিবিএনের নায়েক আবু মুসা দ্বিতীয় ও রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এএসআই (সশস্ত্র) মো. ওমর ফারুক তৃতীয় হয়েছেন।
কেরাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের লিনেন কিপার মো. আব্দুল আউয়াল প্রথম, ৩ এপিবিএনের নায়েক আবু মুসা দ্বিতীয় ও ময়মনসিংহ রেঞ্জ অফিসের কনস্টেবল আরিফুল ইসলাম তৃতীয় হয়েছেন।
হামদ ও নাতে ১১ এপিবিএনের কনস্টেবল নাদিয়া নাছরিন নূপুর প্রথম, চাঁপাইনবাবগঞ্জ জেলার নায়েক মো. রাকিবুল ইসলাম দ্বিতীয় ও বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কনস্টেবল এস এম মশিউর রহমান তৃতীয় হয়েছেন।
‘নাগরিক হয়রানি বন্ধে ইসলাম’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার কনস্টেবল জুনায়েদ বিন মর্তুজ প্রথম, ৪ এপিবিএনের কনস্টেবল আ ম মো. উমর ফারুক বায়েজিদ দ্বিতীয় ও রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কনস্টেবল মোছা. এসমোতারা খাতুন তৃতীয় হয়েছেন।
পুলিশের বিভিন্ন ইউনিটে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীরা ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন।
টিটি/একিউএফ