নির্দেশাবলি সংশোধন
কোনো ব্যক্তিকে ২৫ বছর পর দ্বিতীয়বার দেওয়া যাবে স্বাধীনতা পুরস্কার
অন্য কোনো ক্ষেত্রে বিশেষ অবদান থাকলে কমপক্ষে ২৫ বছর পর কোনো ব্যক্তিকে আবার স্বাধীনতা পুরস্কার দেওয়া যাবে। স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলি সংশোধন করে এই নিয়ম করা হয়েছে। রোববার (৮ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবকে পাঠানো এক চিঠিতে এ সংশোধনীর কথা জানানো হয়েছে।
স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলির অনুচ্ছেদ ৭.১১ সংশোধন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ পুরস্কার পাওয়ার পর অন্য কোনো ক্ষেত্রে বিশেষ অবদান রাখলে ন্যূনতম ২৫ বছর পর ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুনরায় স্বাধীনতা পুরস্কার দেওয়া যাবে।
চিঠিতে বলা হয়, স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলির অনুচ্ছেদ ৭.১১ সংশোধন করা হলো। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে পুনরায় স্বাধীনতা পুরস্কার বা অন্য কোনো জাতীয় পর্যায়ের পুরস্কার দেওয়ার জন্য বিবেচনা করা হবে না। তবে শর্ত থাকে যে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ পুরস্কার পাওয়ার পর অন্য কোনো ক্ষেত্রে বিশেষ অবদান ন্যূনতম ২৫ বছর পর ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুনরায় স্বাধীনতা পুরস্কার দেওয়া যাবে।
আগের স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলির অনুচ্ছেদ ৭.১১-তে বলা হয়েছিল, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে পুনরায় স্বাধীনতা পুরস্কার বা অন্য কোনো জাতীয় পর্যায়ের পুরস্কার দেওয়ার জন্য বিবেচনা করা হবে না।
২০২৬ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় মরণোত্তর পুরস্কারের জন্য ড. জাফরুল্লাহ চৌধুরীর নাম আসায় দ্বিতীয়বার পুরস্কার পাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। তিনি এর আগে ১৯৭৭ সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন। এটি নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৬ সালে তিনিসহ ১৫ ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়া হচ্ছে।
আরএমএম/এমআইএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ চুয়াডাঙ্গা ও হবিগঞ্জের পুলিশ সুপারকে বদলি
- ২ নারীর সম্পত্তির পূর্ণ অংশ নিশ্চিতে বিকল্প আইনি পথ খোঁজার আহ্বান
- ৩ অর্থনৈতিক স্থিতিশীলতায় পরিকল্পনা প্রণয়নে ৭ মন্ত্রীকে নিয়ে কমিটি
- ৪ অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি
- ৫ জ্বালানি তেল নিয়ে উদ্বেগ সময়ের সঙ্গে সঙ্গে কমে যাবে: প্রতিমন্ত্রী