জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ
জাকাত ব্যবস্থাপনা শক্তিশালী করতে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
তিনি জানান, বৈঠকে জাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) নেতৃত্বে গঠিতব্য কমিটিতে থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, শায়খ আহমাদুল্লাহ এবং শীর্ষ স্থানীয় কয়েকজন ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেম-ওলামা।
পূর্ণাঙ্গ কমিটিতে কারা থাকবেন, সে বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে নাম প্রস্তাব করবে ধর্ম মন্ত্রণালয়। জাকাত ব্যবস্থাপনা ও জাকাত বোর্ড পুনর্গঠনের বিষয়ে এই কমিটি শিগগির প্রধানমন্ত্রীর কাছে তাদের সুপারিশ পেশ করবে।
শনিবার (৭ মার্চ) আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সুষ্ঠু জাকাত ব্যবস্থাপনা আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আজকের এই বৈঠক হয়।
বৈঠকে কার্যকর জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে দেশের দারিদ্র্য বিমোচন সম্ভব, তা নিয়েও আলোচনা হয়েছে।
কেএইচ/এমআইএইচএস