ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মুক্তিযুদ্ধ মন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে মীর হেলাল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ১২ মার্চ ২০২৬

মন্ত্রীর শপথ নেওয়া আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন তিনি। মীর হেলাল নতুন করে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব পুনর্বণ্টন করেছেন জানিয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আজ স্পিকার হিসেবে শপথ নিয়েছেন। এরপর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে আহমেদ আযম খানের নাম ঘোষণা করেন। জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান।

রাতে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, আযম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, ব্যারিস্টার কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন।

ফলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে একই সঙ্গে ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

আরএমএম/এএমএ