ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

খিলক্ষেতে একটি হোটেলে আগুন লেগে দগ্ধ ৪

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ১২:০৪ পিএম, ১৩ মার্চ ২০২৬

রাজধানীর খিলক্ষেতে একটি হোটেলের নিচ তলায় আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধরা হলেন, মোহাম্মদ মনসুর আলী (৩২), মো. আব্দুল মতিন (৬৭), মোহাম্মদ মাহি (১৭) ও মো. আব্দুল জলিল (৬৭)।

তাদেরকে নিয়ে আসা সহকর্মী মো. ইমরান জানান, সকালের দিকে হোটেলের নিচ তলায় এসির কাজ করার সময় শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে দগ্ধ হন চারজন। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও পালআস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তারা সবাই ওই হোটেলের স্টাফ।

আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, খিলক্ষেতের একটি হোটেলে শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনায় দগ্ধ চারজন এখানে এসেছে। তাদের মধ্যে মনসুরের ২১ শতাংশ, আব্দুল মতিনের ৫ শতাংশ, মোহাম্মদ মাহিরের ৫ শতাংশ ও আব্দুল জলিলের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে একজনকে ভর্তি দেওয়া হয়েছে। তিনজন অবজারভেশন রয়েছে।

কাজী আল আমিন/এসএনআর/জেআইএম