চট্টগ্রামে আকাশ দাশ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
ছবি-সংগৃহীত
চট্টগ্রাম নগরের পাহাড়তলি থানার আলোচিত আকাশ দাশ হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতার ব্যক্তির নাম মো. রাতুল (২০)।
শনিবার (১৪ মার্চ) বিকেলে নগরের ইপিজেড থানার আকমল আলী পকেট গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি পাহাড়তলি থানার দক্ষিণ কাট্টলী এলাকার বাইন্নাপাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাড়তলি থানার বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় আকাশ দাশ (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আকাশ দাশ ওই কারখানায় হেলপার হিসেবে কাজ করতেন। ঘটনার সময় কারখানার এক কর্মচারীকে কয়েকজন সন্ত্রাসী জোর করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আকাশ তাকে উদ্ধার করতে এগিয়ে যান। এ সময় রাতুলসহ ১২-১৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বাবা বাবুল দাশ বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় রাতুলকে চার নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়।
র্যাব জানায়, ঘটনার পর থেকে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে রাতুলকে গ্রেফতার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাহাড়তলি থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/এমআরএম
সর্বশেষ - জাতীয়
- ১ জাকাত কার্যক্রম চালুর উদ্যোগ সরকারের দূরদর্শিতার পরিচয়: মীর হেলাল
- ২ ঈদে বাড়ি গেলে গহনা আত্মীয়দের কাছে রাখার পরামর্শ ডিএমপি কমিশনারের
- ৩ ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশি দূতের বৈঠক
- ৪ ভর্তিতে লটারির সমালোচনা হাসনাতের, বাতিলের আভাস শিক্ষামন্ত্রীর
- ৫ মন্ত্রণালয়ে এসে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না আহমেদ আযম খান