রাজধানীর শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা, আটক ১
রাজধানীর শহীদ মিনার এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাতে হঠাৎ এক যুবক কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করে। ওই সময় রাকিবুল ইসলাম নামে একজন গুরুতর আহত হন। পরে জরুরি চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।পরে রাত সাড়ে দশটার দিকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন রাকিব মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক ) মো. ফারুক।
এদিকে এই ঘটনায় জড়িত একজনকে পথচারীরা ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে দেন। পরে প্রক্টরিয়াল টিম তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, গুলির ঘটনার পরপরই প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বর্তমানে শাহবাগ থানা পুলিশ বিষয়টি দেখছে।
তিনি জাগো নিউজকে বলেন, ওখানে যা হয়েছে, তা এখন আমরা দেখছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত নয়। তারা দুজনেই বাইরের। পুলিশ একজনকে আটক করেছে।
শাহবাগ থানা উপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান শহীদ মিনারে রাকিব নামে এক শিক্ষার্থীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপানোর ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই সেখানে থাকা লোকজন এক যুবককে আটক করে। রাকিব মাথায় গুলিবিদ্ধ হয় এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
কাজী আল-আমিন/এফএআর/কেএইচকে