ডিএনসিসি প্রশাসক
উত্তর সিটিতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ব্যবস্থা রাখা হচ্ছে
ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শনে প্রশাসক মো. শফিকুল ইসলাম
স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, আমাদের কেন্দ্রীয় ঈদ জামাতে মুসল্লিদের যেন কোনো অসুবিধা না হয় এবং নারী-পুরুষ সবাই যেন স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বুধবার (১৮ মার্চ) রাজধানীর আগারগাঁও পুরোনো বাণিজ্য মেলার মাঠে ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শনে এসে প্রশাসক এসব কথা বলেন।
এ বছর ডিএনসিসির পক্ষ থেকে ঢাকার আগারগাঁও পুরোনো বাণিজ্য মেলার মাঠে নগরবাসীর জন্য ঈদ জামাতের আয়োজন করা হচ্ছে। ঈদের দিন সকাল ৮টায় এই জামাত হবে।
ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক বলেন, এবার ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে তা ধরে নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা স্টিলের স্ট্রাকচার দিয়ে শেড তৈরি করেছি। বৃষ্টিতেও ঈদ জামাতে আগত মুসল্লিদের কোনো অসুবিধা হবে না।
ঈদ জামাতে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে এবং তাদের জন্য আলাদা প্রবেশপথও নির্ধারণ করা হয়েছে।
ঈদ জামাতের নিরাপত্তা প্রস্তুতি বিষয়ে প্রশাসক বলেন, আমরা ১০ হাজার মানুষের নামাজের ব্যবস্থা নিয়েছি। আরও মুসল্লি হলে তাৎক্ষণিকভাবে যেন নামাজের ব্যবস্থা করা যায়, সে প্রস্তুতিও রাখা হয়েছে। এই বিশাল মানুষের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবেশপথে আর্চওয়ে থাকবে এবং নামাজিদের নিরাপত্তায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
প্রশাসক এসময় নগরবাসীকে এই ঈদ জামাতে নামাজ আদায় করতে আসার আহ্বান জানান।
পরিদর্শনে ঢাকা মেট্রপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএমএ/এমআইএইচএস/
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- ২ উত্তর সিটিতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ব্যবস্থা রাখা হচ্ছে
- ৩ বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম
- ৪ যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- ৫ ট্রেনে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই, ‘ভুল তথ্য’ না ছড়াতে অনুরোধ রেলের