শাহ আমানতে আরও ৬ ফ্লাইট বাতিল
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে ৫টা ৪৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী তিনটি আগমন ও একটি প্রস্থান ফ্লাইট রয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আগমন ও একটি প্রস্থান ফ্লাইট বাতিল করা হয়েছে।
তবে এদিন সব ফ্লাইট বন্ধ ছিল না। বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত পাঁচটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং চারটি ফ্লাইট নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট স্থবিরতা এখনো কাটেনি। এসব গন্তব্যে সালাম এয়ার, এয়ার আরাবিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল সীমিত রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ পরিস্থিতিতে বৃহস্পতিবারের ছয়টি বাতিল ফ্লাইটসহ মোট ১৫১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এমআরএএইচ/এমআরএম