ক্রেতাশূন্য মার্কেটে বৃষ্টির বাগড়া
ঈদের আগের দিন ক্রেতাশূন্য শ্যামলী স্কয়ার শপিংমল/ ছবি: জাগো নিউজ
ঈদ সামনে রেখে শেষ মুহূর্তে ক্রেতা শূন্য পোশাকের বাজার। প্রতিবছর ঈদের আগের দিনে রাজধানীর মার্কেটগুলো জমজমাট থাকলেও এবারের চিত্র ভিন্ন। অধিকাংশ মার্কেট ক্রেতাশূন্য। বিক্রেতাদের দাবি, লম্বা ছুটিতে নগরবাসী ঢাকা ছেড়ে যাওয়ায় ক্রেতার সংকট দেখা দিয়েছে। এছাড়া ঢাকায় অবস্থানরত ক্রেতারা মার্কেটমুখী না হওয়ার পেছনে বৃষ্টি বাগড়া দিচ্ছে বলেও জানান তারা।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে রাজধানীর শ্যামলীতে অবস্থিত শ্যামলী স্কয়ার মার্কেটে সরেজমিনে ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
‘ডোর’ নামের একটি গার্মেন্টস পণ্যের বিক্রেতা মো. শিহাব উদ্দিন বলেন, ব্যবসা খুবই খারাপ। গত বছরের তুলনায় এ বছর বাজার খুবই খারাপ গেছে। এবার ১৫ রোজার পর থেকে নতুন মাস শুরু হয়েছে, যার কারণে চাকরিজীবীদের বেতন পেতে পেতে দেরি হয়ে গেছে। এতে আমাদের রোজার প্রথম ১৫ দিন কোনো বিক্রি হয়নি। গতবারের তুলনায় এবার বিক্রি খুবই খারাপ।
তিনি আরও বলেন, এছাড়া সবাই ভেবেছিল এবার ২৯ রোজা হবে; যার কারণে ২৮ রোজায় অনেকে বাড়ি চলে গেছেন। এই কারণে ঢাকায় এখন কোনো লোকজন নেই। পুরো ফাঁকা।
ডিভাইন নামের এক শোরুমের মালিক ইকবাল দেওয়ান বলেন, মার্কেটে ক্রেতা নেই। ঢাকা ফাঁকা হয়ে গেছে।

বিসমিল্লাহ ফ্যাশন শোরুমের মালিক হুমায়ুন কবির বলেন, বিগত কয়েকদিন আলহামদুলিল্লাহ বিক্রি ছিল। আজ মার্কেটে কোনো ক্রেতা নেই। সবাই গ্রামে চলে গেছে। যদিও ঢাকায় যারা ছিল তারা আসতো, কিন্তু বৃষ্টির কারণে কেউ আসছে না। এখন আর কাস্টমার আসার সম্ভাবনা নেই। যদি দু’একজন আসেও তাহলে ইফতারের পরে আসবে।
এদিকে রাজধানীর মিরপুর থেকে শ্যামলী স্কয়ার শপিংমলে কেনাকাটা করতে এসেছেন রাকিবুর রহমান। তিনি বলেন, শেষ মুহূর্তে কেনাকাটা করতে এসে সমস্যা হচ্ছে সাইজ পাওয়া যাচ্ছে না। পছন্দ হচ্ছে তো সাইজ মিলছে না, সাইজ মিলছেতো পছন্দ হচ্ছে না।

তিনি বলেন, মার্কেট একদম ফাঁকা। মানুষ অলরেডি ঢাকা ছেড়ে চলে গেছে। যা কেনা-কাটা করার কিনে-কেটে চলে গেছে। আমাদের জন্য কিছুই রেখে যায়নি আর।
কেআর/এমআইএইচএস