ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সুবর্ণ এক্সপ্রেসে টিকিট কালোবাজারি, দুই কর্মী চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৭ পিএম, ২০ মার্চ ২০২৬

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারি করায় অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের (হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ব্র্যান্ড অপারেশন) দুই স্টুয়ার্ডকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে সাত হাজার পাঁচশ টাকা জরিমানা এবং আগামী ২৪ মার্চের মধ্যে কৈফিয়ত তলব করেছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার (২০ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, সম্প্রতি একটি অনলাইন পোর্টালে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারি একটি চক্রের দুই সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। প্রাথমিক অনুসন্ধানে ভিডিওটির সত্যতা পাওয়া যায়। সেইসঙ্গে টিকিট কালোবাজারির সঙ্গে বর্ণিত অনবোর্ড পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মচারী স্টুয়ার্ড মিনহাজুল এবং ইমরানের সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এ কারণে তাদেরকে চাকরি হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া, অনবোর্ড পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে ৭৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া প্রতিষ্ঠানটির কাছ থেকে আগামী ২৪ মার্চ এ বিষয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে ট্রেনের টিকিট কালোবাজারি নিয়ে জাগো নিউজে একটি ভিডিও সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এনএস/এসএইচএস