এবারও ২৫ মার্চ রাত স্মরণে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’
২৫ মার্চ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে দেশ/ ফাইল ছবি
অন্যান্য বছরের মতো এবারও ২৫ মার্চ (বুধবার) গণহত্যা দিবসে এক মিনিট প্রতীকী ‘ব্ল্যাক আউট’ থাকবে সারাদেশ।
কালরাতের প্রথম প্রহর স্মরণ করে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই, জরুরি স্থাপনা, বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশন এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সরকারি এক তথ্য বিবরণীতে এই কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, আগামী ২৫ মার্চ সারাদেশে রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১মিনিট পর্যন্ত এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট (কেপিআই/জরুরি স্থাপনা/ বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনসমূহ ছাড়া) পালন করা হবে।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বর সামরিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক গণহত্যা চালিয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনী ২৫ মার্চ রাতের আঁধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ পুরো ঢাকাজুড়ে হত্যাযজ্ঞ চালিয়েছিল।
২৫ মার্চ রাতে ও ২৬ মার্চ জাতীয় দিবসে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা
আরেক তথ্য বিবরণীতে জানানো হয়, ‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬’ পালন উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো অবস্থাতেই ২৫ মার্চ রাতে আলোকসজ্জা করা যাবে না।
জ্বালানি সংকট মাথায় রেখে কৃচ্ছ্রসাধনের উদ্দেশ্যে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি গত ৮ মার্চ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান।
আরএমএম/জেএইচ