ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

২৫ মার্চ: বিদেশি সংবাদমাধ্যমের দৃষ্টিতে ‘নরকের দরজা উন্মোচন’

সালাহ উদ্দিন জসিম | প্রকাশিত: ১২:৩০ পিএম, ২৫ মার্চ ২০২৬

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত। বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায়। ‘অপারেশন সার্চলাইট’ নামে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর চালায় গণহত্যা। এটি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তুমুল সমালোচিত ছিল। বিভিন্ন দেশের শীর্ষ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে উঠে আসে সেই রাতের নৃশংসতা ও রাজনৈতিক প্রেক্ষাপট।

পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের ঘনিষ্ঠ পর্যবেক্ষক ও জনসংযোগ কর্মকর্তা সিদ্দিক সালিক তার গ্রন্থ ‌‘উইটনেস টু সারেন্ডার’-এ ২৫ মার্চ রাতের সূচনাকে বর্ণনা করেন ভয়াবহভাবে।

তিনি লেখেন, নির্ধারিত সময়ের আগেই সামরিক অভিযান শুরু হয়ে যায় এবং ‘নরকের দরজা উন্মুক্ত হয়ে গেলো’ যা সেই রাতের নির্মম বাস্তবতাকে প্রতিফলিত করে।

আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম ভয়েস অব আমেরিকা সে সময় জানায়, ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ শুরু করেছে এবং শেখ মুজিবুর রহমান বিশ্ববাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য স্টেটসম্যান জানায়, সামরিক অভিযানের প্রতিবাদে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ হিসেবে ঘোষণা করেছেন। একইসঙ্গে লন্ডনের ডেইলি টেলিগ্রাফ- এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান শেখ মুজিবকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছেন।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান ২৭ মার্চ সংখ্যায় উল্লেখ করে, প্রেসিডেন্ট ইয়াহিয়ার ভাষণের পরপরই ‘ভয়েস অব বাংলাদেশ’ নামে গোপন বেতার থেকে স্বাধীনতার ঘোষণা প্রচারিত হয়।

অন্যদিকে, আর্জেন্টিনার বুয়েনস এইরেস হেরাল্ড শিরোনাম করে ‘বেঙ্গলি ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার্ড বাই মুজিব’। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস শেখ মুজিবের স্বাধীনতা ঘোষণার পর তাকে গ্রেফতারের খবর প্রকাশ করে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, ইয়াহিয়া খানের পুনরায় মার্শাল ল’ জারি এবং শেখ মুজিবের স্বাধীনতা ঘোষণার পর পূর্ব পাকিস্তানে কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে।

আয়ারল্যান্ডের আইরিশ টাইমসেও পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণার খবর প্রকাশিত হয়। রয়টার্সের দিল্লিভিত্তিক প্রতিবেদনে ১০ হাজার মানুষের নিহত হওয়ার আশঙ্কা এবং শেখ মুজিবের গ্রেফতারের তথ্য তুলে ধরা হয়।

এছাড়া থাইল্যান্ডের ব্যাংকক পোস্ট সতর্ক করে জানায়, স্বাধীনতা ঘোষণার পর পাকিস্তানে গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর নির্বিচার হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ ও দমন-পীড়ন আন্তর্জাতিক অঙ্গনে দ্রুতই প্রকাশ পেতে থাকে। বিদেশি সংবাদমাধ্যমগুলো একে শুধু সামরিক অভিযান নয়, বরং একটি সুপরিকল্পিত গণহত্যা হিসেবে চিত্রিত করে। এই গণহত্যার মধ্য দিয়েই শুরু হয় বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধ, যার পরিণতিতে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বিশ্বের মানচিত্রে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

এসইউজে/এমআরএম