মামার মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি, ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো কলেজছাত্রের
ফাইল ছবি
রাজধানীর তেজগাঁওয়ে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহরিয়ার ইমন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ওমর ফারুক (২০) নামের আরও এক তরুণ আহত হয়েছেন।
নিহত ইমন সিদ্ধেশ্বরী কলেজের একাদশে প্রথম বর্ষের ছাত্র। তাদের নিজ বাসা মুগদার মান্ডা মধ্যপাড়া এলাকায়। তিনি প্রয়াত হযরত আলীর ছেলে।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাহরিয়ার ইমনকে রাত সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন।
তাদেরকে নিয়ে আসা পথচারী শরীফ হাসান বলেন, তেজগাঁওয়ে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহরিয়ার ইমন ও তার বন্ধু ওমর ফারুক গুরুতর আহত হন। পরে আমরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে ইমনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং ওমর ফারুককে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
নিহত শাহরিয়ার ইমনের দুলাভাই সাদ্দাম হোসেন বলেন, রাতে শাহরিয়ার ইমন তার মামার মোটরসাইকেল নিয়ে বন্ধু ওমর ফারুকের সঙ্গে ঘুরতে বের হন। রাত ২টার দিকে আমরা খবর পাই তেজগাঁও এলাকায় ট্রাকে সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে গেছে। পরে আমরা এসে ইমনের মরদেহ দেখতে পাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ওই ওই দুজনকে পথচারীরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে ইমনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল আমিন/এমআইএইচএস