ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৮ মার্চ ২০২৬

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে রোববার (২৯ মার্চ) রাতে বিশেষ কমিটি পুনরায় বৈঠকে বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ওই দিন রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত বৈঠকে অধ্যাদেশগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, যার ভিত্তিতে কমিটির প্রতিবেদন তৈরি হবে। এই প্রতিবেদন ২ এপ্রিল সংসদে উত্থাপন করা হবে এবং এরপর নিয়ম অনুযায়ী আইন প্রণয়ন কার্যক্রম শুরু হবে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ সচিবালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও দেশে দাম অপরিবর্তিত রাখা সরকারের বড় সফলতা উল্লেখ করে তিনি বলেন, অগ্রিম প্রস্তুতির কারণে এ সফলতা সম্ভব হয়েছে এবং জনমনে স্বস্তি বজায় রাখা গেছে। বিশেষ করে বোরো মৌসুমে কৃষি উৎপাদনে কোনো সংকট এড়াতে সরকার অতিরিক্ত ভর্তুকি দিয়ে তেলের দাম স্থিতিশীল রেখেছে, যাতে কৃষি উৎপাদন উপকরণের মূল্যবৃদ্ধি না পায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। পার্শ্ববর্তী অনেক দেশে তেলের দাম বাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ হয়েছে, তবে দেশে সবকিছু সুচারুভাবে পরিচালিত হয়েছে। জ্বালানি পাচারের কয়েকটি ঘটনা নজরে এসেছে এবং এগুলো কঠোর হস্তে দমন করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় বিএনপিদলীয় সংসদ সদস্যদের ভূমিকা ও দায়িত্ব নিয়ে সভায় আলোচনা হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং তা কীভাবে মোকাবিলা করা হয়েছে, সেই সংক্ষিপ্ত সময়ের অর্জনগুলো জনগণের কাছে তুলে ধরার প্রয়োজন রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহারের অধিকাংশ কার্যক্রম এরই মধ্যে শুরু করা হয়েছে, যা জাতির সামনে উপস্থাপন করা দরকার।

তিনি বলেন, আগামীতে বিভিন্ন চ্যালেঞ্জ আসতে পারে এবং সেগুলো সংসদীয় পদ্ধতিতে আলোচনার বিষয়। কীভাবে আমাদের বক্তব্য উপস্থাপন করা হবে, তা নিয়েও আলোচনা হবে।

এমওএস/এমএএইচ/