ভাটারায় নারীর মরদেহ উদ্ধার
রাজধানীর ভাটারা এলাকার একটি বাসা থেকে অনিপা নিন্দিয়া ভূঁইয়া (২৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হানুল ইসলাম সৈকত জানান, খবর পেয়ে তার বাসা থেকে এই মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়ায় শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি অনিপা অ্যালকোহল নেশায় আসক্ত ছিলেন। ওই রুম থেকে একটি মদের বোতলও পাওয়া যায়। আমাদের ধারণা বিষক্রিয়া হয়ে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
অনিপা চাঁদপুর জেলার মতলব উত্তর থানার এখলাসপুর গ্রামের আশফাক ভূঁইয়ার মেয়ে। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
কাজী আল আমিন/এমআইএইচএস