সিলিং ফ্যানে ঝুলছিলেন যুবক, পরিবারের দাবি ‘স্ত্রীর সঙ্গে অভিমানে ফাঁস’
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকার একটি বাসা থেকে মো. হোসাইন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ওই যুবক স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার (২৯ মার্চ) দুপুরে দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) আওলাদ হোসেন জানিয়েছেন, পুলিশ খবর পেয়ে দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়া আশরাফুল উলুম মাদরাসা রোড এলাকার একটি বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্বজনদের বরাতে তিনি জানান, নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। পরে মরদেহ মর্গে পাঠানো হয়।
নিহত হোসাইনের ভাই আব্দুল হাকিম জানান, তার ভাই ওই এলাকায় একটি কারখানায় কাজ করতেন। তার দাবি, ওই যুবক বেলা ১১টার দিকে স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে অভিমানে নিজ কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস দেন।
নিহত হোসাইন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বরুড়া কান্দা গ্রামের সদর আলীর ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
কাজী আল-আমিন/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ আরও দুই সচিব প্রত্যাহার, ২ মন্ত্রণালয়ে নতুন সচিব
- ২ পহেলা বৈশাখ ১১ ব্লকে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৩ বিরোধী দলের নোটিশের ওপর আলোচনার সময় নিয়ে সংসদে বিতর্ক
- ৪ ২৭ হাজার টন ডিজেল নিয়ে সোমবার বন্দরে আসছে ‘পিভিটি সোলানা’
- ৫ অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে রাতেই