স্থানীয় সরকারমন্ত্রী
জলাবদ্ধতা নিরসনে উত্তরখান-দক্ষিণখানে ৫০ কিমির বেশি ড্রেন নির্মাণ
ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফাইল ছবি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জলাবদ্ধতা নিরসনে রাজধানীর উত্তরখান-দক্ষিণখানে ৫০ কিলোমিটারের বেশি ড্রেন (নর্দমা) নির্মাণ করা হয়েছে। এর মধ্যে উত্তরখানে ২৯ দশমিক ৮৭ কিলোমিটার এবং দক্ষিণখানে ২৩ দশমিক ৬৬ কিলোমিটার নর্দমা নির্মাণ করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘ডিএনসি ও সরকারি অর্থায়নে এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে, যা জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সম্পূরক প্রশ্নে এলাকার পরিস্থিতি তুলে ধরে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০১৭ সালে নতুন সংযুক্ত হওয়া ১২টি ওয়ার্ডের নাগরিকরা কাগজে সিটি করপোরেশনের আওতাভুক্ত হলেও বাস্তবে মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। সুপেয় পানি, কার্যকর নিষ্কাশন ব্যবস্থা, রাস্তাঘাট, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা এসব সেবা অধিকাংশ এলাকায় যথাযথভাবে পৌঁছায়নি। দুঃখজনক বিষয় হলো- এসব এলাকার বাসিন্দারা নিয়মিত সিটি করপোরেশনের নির্ধারিত হারে কর দিচ্ছেন, কিন্তু তার অনুপাতে সেবা পাচ্ছেন না।
তিনি প্রশ্ন রেখে বলেন, প্রয়োজনীয় নাগরিক সেবা পূর্ণাঙ্গভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত এ নতুন সংযুক্ত ওয়ার্ডগুলোর বাসিন্দাদের জন্য কর মওকুফের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না? এছাড়া অবহেলিত এ ওয়ার্ডগুলোর অবকাঠামো উন্নয়ন বিশেষ করে রাস্তা ড্রেনেজ, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে কোনো বিশেষ বরাদ্দ থাকবে কি না?
এ প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সংসদ সদস্য যে প্রস্তাব দিয়েছেন সেই কর মওকুফ করার এখতিয়ার আমাদের নেই। এ বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বললে সম্ভবত যাচাই করা যেতে পারে।
এমইউ/এমএএইচ/