রেশম শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
জাপানের একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি দলের সঙ্গে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, ছবি: সংগৃহীত
রেশম শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে জাপানভিত্তিক প্রতিষ্ঠান অনোডা ইনক এর নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রেশম খাতের উন্নয়নে কাজ করছে সরকার। দারিদ্র্য হ্রাসে রেশম খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেহেতু এ খাতের জনবলের অধিকাংশই গ্রামীণ দুস্থ মহিলা। এই শিল্প উন্নত করলে গ্রামীণ কর্মসংস্থান বাড়বে। তবে এ কারণে বিদেশি বিনিয়োগ আনতে হবে সেজন্য সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানান তিনি।
শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রেশম খাতে জড়িত দুস্থ মহিলাদের ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় আনতে কাজ চলছে। এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট বন্ধ থাকা কারখানাগুলো চালু করতে উদ্যোগী সরকার।
ঐতিহ্যবাহী রেশম শিল্পের উন্নয়ন ও বিকাশে ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক অধ্যাদেশে বাংলাদেশ রেশম বোর্ড প্রতিষ্ঠা হয়। বর্তমানে ৩২ জেলার ৫২ উপজেলায় কার্যক্রম চলছে। রেশম সুতার মান আরও ভালো করা দরকার সেজন্য উন্নত গবেষণার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনএইচ/এসএনআর