ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মগবাজার টু বাংলামোটর

অভিযানে ৪৯ গাড়ির বিরুদ্ধে ভিডিও মামলা, ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:১৬ পিএম, ০১ এপ্রিল ২০২৬

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর মগবাজার থেকে বাংলামোটর পর্যন্ত সড়কে অভিযান চালিয়েছে। অভিযানে ৪৯ গাড়ির বিরুদ্ধে ভিডিও মামলা, ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ফুটপাতে অবৈধ দোকান ভেঙে দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ডিএমপি। অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদ।

অভিযান শেষে ইমরান আহমেদ বলেন, আজকের অভিযানে ৪৯টি গাড়িতে আমরা ভিডিও মামলা দিয়েছি। এরমধ্যে মোটরসাইকেল ও প্রাইভেটকার রয়েছে। পাশাপাশি আজকে সড়ক আইন ২০১৮ অনুয়ায়ী ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছি।

তিনি বলেন, গণবিজ্ঞপ্তি দেওয়ার পরে আজকে আমাদের প্রথম অভিযান চালাচ্ছি। অভিযানে দেখেছি রাস্তার পাশে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের জিনিসপত্র ফুটপাতে রাখে। আজকে আমরা জানিয়ে অভিযানে আসছি, আপনাদের সতর্ক করার জন্য। এরপরে আমরা গোপনে আসবো।

তিনি বলেন, অভিযানের খবর শুনে অনেকে আজকে সরে গেছে। আমরা তাদেরকে পাইনি। আজ যারা সরে গেছে ওরা যেন আর ফেরত না আসে, যদি আসে, আমরা কঠোর অবস্থানে যাবো।

ইমরান আহমেদ বলেন, এই অভিযানগুলো আমাদের চলমান থাকবে এবং আজকে থেকে শুরু করে পাঁচ তারিখ পর্যন্ত প্রত্যেকদিন শিডিউল অনুযায়ী অভিযানে চলবে। পাঁচ তারিখের পর অবস্থার উন্নতি না হলে, আমরা নতুন করে শিডিউল দেবো, আমরা গোপনে অভিযান চালাবো।

আরএএস/এসএনআর