ওমানের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রীর লেখা বিশেষ বার্তা হস্তান্তর
প্রধানমন্ত্রী তারেক রহমান/ফাইল ছবি
ওমানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটির সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সংক্রান্ত একটি ব্যক্তিগত চিঠি ওমানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
বুধবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির আজ ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ বিন হামুদ আল-বুসাইদীর সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের উদ্দেশে লেখা একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন।
চিঠিতে প্রধানমন্ত্রী আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানের নেতৃত্ব, সরকার এবং জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন। পাশাপাশি ওমানের ওপর সাম্প্রতিক হামলা, প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ জানান।
ওমানে অবস্থানরত বিপুল সংখ্যক বাংলাদেশির নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে দেশটির সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে অব্যাহত সহযোগিতার জন্য তিনি ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
চিঠিতে যেকোনো প্রয়োজনে ওমানের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধ নিষ্পত্তিতে ওমানের মধ্যস্থতামূলক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে অঞ্চলে শান্তি, সংলাপ ও কূটনীতি জোরদারে দেশটির গঠনমূলক ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।
এ সময় বাংলাদেশ ও ওমানের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও তুলে ধরা হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে হুমায়ুন কবির উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ সফর করছেন। সফরের লক্ষ্য হলো সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ এবং বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক আরও জোরদার করা।
জেপিআই/এমএমকে
সর্বশেষ - জাতীয়
- ১ পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন ফরাসি প্রতিনিধিরা
- ২ জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি কী হবে, আলোচনার জন্য সংসদে মুলতবি প্রস্তাব
- ৩ ২০ বছর আগে মারা গেছেন এমন ব্যক্তির বিরুদ্ধেও মামলা হয়েছিল: আইনমন্ত্রী
- ৪ ঢাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি
- ৫ বঙ্গোপসাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে জীবিত ফেরালো নৌবাহিনী