ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

২০ বছর আগে মারা গেছেন এমন ব্যক্তির বিরুদ্ধেও মামলা হয়েছিল: আইনমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১২ পিএম, ০১ এপ্রিল ২০২৬

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে অনেক শিক্ষক মামলার শিকার হয়েছেন। এমনকি ২০ বছর আগে মারা গেছেন এমন ব্যক্তির বিরুদ্ধেও মামলা করা হয়েছিল।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি প্রতিবন্ধী ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার প্রকৃতি সম্পর্কে আমরা অবগত।’

এসময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে।
 
ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে হয়রানির উদ্দেশ্যে দায়ের করা বাকি রাজনৈতিক মামলাগুলোও যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে। কোনো ব্যক্তি আদালতের মাধ্যমে খালাস পেলে এবং নির্দোষ প্রমাণিত হলে তাকে মর্যাদার সঙ্গে এবং আইনানুযায়ী আচরণ করা তার মৌলিক অধিকার।

এমওএস/এমএএইচ/