ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

জেলা পরিষদ প্রশাসকদের জবাবদিহি করবে সরকার: এলজিআরডি প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:১৪ পিএম, ০৪ এপ্রিল ২০২৬

 

দলের বিবেচনায় জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হলেও পদটি সরকারি হওয়ায় সরকারিভাবে জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা নিয়োগ দেওয়ার মাধ্যমে জেলা পরিষদের সেবামূলক কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালিত হবে। জেলা প্রশাসকরা ডিসির দায়িত্বে থাকেন, কিন্তু সময় সীমাবদ্ধতার কারণে জনগণ সেবা পান না। এজন্য দলীয় বিবেচনায় জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অন্তবর্তীকালীন সরকারের সময় স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হয়নি। সেই অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে সংসদে উপস্থাপন করে আইন আকারে প্রকাশ করা হবে। এরপর আমরা দ্রুত স্থানীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করবো।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তবর্তীকালীন সরকার নিয়োগ বিষয়েও প্রতিমন্ত্রী উল্লেখ করেন, এজাজ নামের যে লোক দায়িত্ব ছিল, তার বিস্তারিত এখানে বলতে চাই না। তদন্ত চলছে। গাবতলী, গোহাটিসহ বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়টি যাচাই করা হচ্ছে। দলীয় লোকজন কখনো জনগণের বিপক্ষে যাবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, হবিগঞ্জের আহমেদ আলী, লালমনিরহাটের এ কে এম মমিনুল হক, চাঁদপুরের এ কে এম সেলিম উল্লাহ সেলিম, গাজীপুরের চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী এবং মানিকগঞ্জ, নরসিংদী, পাবনা, ফরিদপুর, ঢাকা, বরগুনা, নীলফামারী, নড়াইল ও জামালপুর জেলা পরিষদের প্রশাসকরা।

কেএইচ/এসএনআর