প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যেন জ্বালানির দাম না বাড়ে: চিফ হুইপ
‘স্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন শক্তিশালী করার প্রয়োজনীয়তা’ শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠানে বক্তব্য দেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম/ছবি: জাগো নিউজ
বিশ্বে তেলের দাম বাড়লেও বাংলাদেশে এখনো তেলের দাম সেভাবে বাড়ানো হয়নি উল্লেখ করে চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, দেশে জ্বালানির দাম যেন না বাড়ানো হয় সে জন্য প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন।
শনিবার (৪ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘স্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন শক্তিশালী করার প্রয়োজনীয়তা’ শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার (উবিনীগ) সহযোগিতায় তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) এই সংলাপের আয়োজন করে।
জ্বালানি তেল ও বৈশ্বিক সংকট প্রসঙ্গে চিফ হুইপ বলেন, বিশ্বে তেলের দাম বাড়লেও বাংলাদেশে এখনো তেলের দাম সেভাবে বাড়ানো হয়নি। প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যেন জ্বালানির দাম না বাড়ানো হয়। পাকিস্তানে তেলের দাম ডাবল হয়েছে, শ্রীলঙ্কা বা নেপালে স্কুল বন্ধ হয়েছে। প্রধানমন্ত্রী বাহুল্য খরচ কমাতে নিজের বহর নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন। সংসদে তিনি নির্দেশ দিয়েছেন, যাতে এসির টেম্পারেচার ২৫ এর নিচে না নামানো হয়। তিনি নিজের রুমেও অধিক আলো বা এসি ব্যবহার করেন না শুধুমাত্র বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। এসব ভালো কাজের জন্য প্রধানমন্ত্রীকে আমাদের ধন্যবাদ জানানো উচিত।
মো. নূরুল ইসলাম বলেন, বর্তমান সরকার তামাক নিয়ন্ত্রণে অত্যন্ত আন্তরিক। আমরা তামাকের ব্যবহার সম্পূর্ণরূপে নির্মূলের চেষ্টা করবো। যদি নির্মূল করতে নাও পারি অন্তত এর ব্যবহার আর বাড়তে দেবো না। মানবসম্পদ ছাড়া আমাদের আর কোনো সম্পদ নেই। মানবসম্পদকে রক্ষা করতে হলে তামাক রোধ করা জরুরি। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। এখানে একজন তামাক সেবন করলে পাশের ১০ জন আক্রান্ত হন। তাই তামাক রোধের কোনো বিকল্প নেই এটা আমরা সবাই জানি, এখন দরকার কার্যকর পদক্ষেপ।
চিফ হুইপ আরও বলেন, আমরা বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ করতে চাইলেও এর সঙ্গে অনেক ধরনের বিষয় জড়িত আছে, তারা তামাক নিয়ন্ত্রণ করতে চায় না। তারা বিজ্ঞাপন দেয়—‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ অথচ নিচে লেখা থাকে ব্রিটিশ আমেরিকান টোবাকো। তামাক চাষিদের ব্যাপারে আমার বক্তব্য পরিষ্কার— আপনি কেন তামাক চাষ করবেন? তামাকের বদলে অন্য কিছু চাষ করেন।
নূরুল ইসলাম বলেন, অনেক সময় নেগেটিভ প্রচারণার রেজাল্ট পজিটিভ হয়। যেমন বাংলাদেশে হিরোইন বা ইয়াবা আসার আগে আমরা যখন অ্যান্টি-হিরোইন ক্যাম্পেইন করতাম, তখন কিশোর বয়সে অনেকেই চিন্তা করতো—হিরোইন খেলে আসলে কী হয়? তা একবার খেয়ে দেখা যায়। এভাবে হিরোইনের আসলে এক ধরনের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তামাকের ক্ষেত্রেও বিষয়টি অনেকটা সেরকম হতে পারে। ২০০৫ সালে তামাক বিরোধী আইন তৈরি হয়েছিল, বিএনপি সরকারের সময়ই টেলিভিশনে তামাকের বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে। সিগারেটের ক্ষতি, আইনের প্রয়োজনীয়তা এবং আপনাদের সহযোগিতা—এই তিনটি বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে পারেন। প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল মানুষ। তিনি দেশের সব মানুষের প্রধানমন্ত্রী।
বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, মাত্র দুই মাসের কম সময়ের মধ্যে সরকার কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মাফ করে দিয়েছে এবং কৃষক কার্ড দেওয়ার ব্যবস্থা করেছে । নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করছে এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করেছে। এছাড়া পরিবেশ রক্ষায় সরকার ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছে।
অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে বিএনপি সরকারের পদক্ষেপ, ভিডিও চিত্রসহ তামাক ব্যবহারের ভয়াবহ চিত্র ও ক্ষতিকর দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫ কে আইনে রূপান্তরের জোর দাবি জানানো হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডা. সোহেল রেজা চৌধুরী। এ সময় তাবিনাজ ও উবিনীগের নেতৃবৃন্দ ও ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এমওএস/এমএমকে