ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

অগ্নিকাণ্ডে নিহত ৬

কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির কারখানাটির অনুমোদন ছিল না

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৫ এপ্রিল ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ছয়জনের প্রাণ কেড়ে নেওয়া গ্যাস লাইটার তৈরির কারখানাটির অনুমোদন ছিল না। প্রাথমিক তদন্তে তা জানা গেছে।

রোববার (৫ এপ্রিল) ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ছাঈফুল্লাহ মজুমদার জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, আগুনের ঘটনাটি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং শ্রম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে, কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকার গ্যাস লাইটার তৈরির কারখানাটি অনুমোদনহীন ছিল। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম চলমান।

এদিকে, অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দুজনকে ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক। সহায়তা পাওয়া দুজন হলেন জিসান ও আসিফ মোল্লা।

জেলা ত্রাণ কর্মকর্তা ছাঈফুল্লাহ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করা গেলেও বাকি মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিচয় নিশ্চিত হওয়ার পর নিহতদের পরিবারকে মানবিক সহায়তার আওতায় ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

‘আমরা শুরু থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন,’ যোগ করেন তিনি।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার নিশ্চিত করেন।

এমডিএএ/একিউএফ