ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ভালো বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৪ পিএম, ০৫ এপ্রিল ২০২৬

সুখী, সমৃদ্ধ ‘বেটার বাংলাদেশ’ (ভালো বাংলাদেশ) গড়তে সব ধর্মের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ‘ইস্টার সানডে’ উপলক্ষে রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল। তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শুভেচ্ছা এবং মতবিনিময় করেন।

খ্রিষ্টান সম্প্রদায়ের সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী

ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশ সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারের অবস্থান ব্যাখ্যা করে বলেন, আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি এবং সবাইকে একরকমভাবে ভালোবাসি। আমরা বিশ্বাস করি—ধর্ম যার যার, দেশটা সবার।

প্রধানমন্ত্রী বলেন, আসুন দেশটাকে গড়ার লক্ষ্যে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করি। সুখী, সমৃদ্ধ একটি বেটার বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষ সবাইকে একযোগে কাজ করতে হবে, এই লক্ষ্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সব ধর্মের মানুষ ভোট দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, একটা কথা প্রচলিত ছিল যে, অন্য ধর্মের মানুষজন বিএনপিকে ভোট দেয় না। কিন্তু এটা এবারের নির্বাচনে ভুল প্রমাণিত হয়েছে।

বিগত সরকারের আমলে দেশের অবস্থার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে বিএনপি যখন দায়িত্ব গ্রহণ করেছে তখন দেশের ভঙ্গুর দশা ছিল। অর্থনৈতিক খাতে ভঙ্গুর অবস্থা, যোগাযোগ খাতে ভঙ্গুর দশাসহ বিভিন্ন সেক্টারে যে অবস্থা বিরাজ করছিল, মনে হয়েছে একটা যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছি।

এর আগে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ বাইবেল সোসাইটির সাধারণ সম্পাদক রেভারেন্ড অসীম বাড়ৈ এবং ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের অবসরপ্রাপ্ত উইং কমান্ডার খ্রিস্টোফার মি. অধিকারী।

এ সময় তারা ফ্যামিলি কার্ড, কৃষকদের ১০ হাজার টাকা সুদসহ ঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও খ্রিষ্টান চার্চের যাজকদের বিশেষ সন্মানী ভাতা প্রদানসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।

এছাড়া জাতীয় সংসদে সংরক্ষিত আসনে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পক্ষ থেকে নারী প্রতিনিধি ও ইস্টার সানডে সরকারি ছুটি ঘোষণার দাবিও তুলে ধরেন তারা। এছাড়া তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে সহযোগিতা এবং তাদের সহযাত্রী হিসেবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তারা বলেন, বিএনপি চেয়ারপারসনের জন্য সাত হাজার চার্চে প্রার্থনা হয়েছে। এখন তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের কল্যাণ কামনায়ও প্রতিদিন প্রার্থনা করা হয়।

এ সময় খ্রিষ্টান নেতাদের দাবি বিবেচনা করে দেখবেন বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। পরে ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি ক্রেস্ট উপহার দেওয়া হয়।

কেএইচ/এমএমকে