ইরান যুদ্ধ
শাহ আমানত থেকে দুই দিনে আরও ১৯ ফ্লাইট বাতিল
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুইদিনে আরও ১৯টি ফ্লাইট বাতিল, ফাইল ছবি
ইরানে হামলা পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুইদিনে আরও ১৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) রাত ১২টা ৬ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
গত শনিবার ও রোববার (৪ ও ৫ এপ্রিল) দুই দিনে মোট ১৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলো।
বিমানবন্দর সূত্র জানায়, এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ও আগত ৭টি ফ্লাইট (৪টি আগমন, ৩টি বহির্গমন) বাতিল হয়।
ইউএস-বাংলা এয়ারলাইনসের ৪টি (২টি আগমন ও ২টি বহির্গমন), এয়ার আরাবিয়ার ৪টি (২টি আগমন ও ২টি বহির্গমন) এবং সালাম এয়ারের ৪টি (২টি আগমন ও ২টি বহির্গমন) ফ্লাইট বাতিল করা হয়।
তবে একই সময়ে বিভিন্ন এয়ারলাইনসের মোট ২৩টি আন্তর্জাতিক ফ্লাইট (১৩টি আগমন ও ১০টি বহির্গমন) সচল ছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের অবস্থা অপরিবর্তিত রয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল আরও জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে এ পর্যন্ত মোট ২৬৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
এমআরএএইচ/এসএনআর