ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনা আধুনিকায়নে চসিক-নেদারল্যান্ডস বৈঠক

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১০:২৩ এএম, ০৮ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে নেদারল্যান্ডসের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) চসিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ‘ইন্টিগ্রেটেড সলিড ওয়েস্ট অ্যান্ড ড্রেনেজ ম্যানেজমেন্ট’ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করে।

সভায় বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ পরিষ্কারকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেদারল্যান্ডসের বিশেষজ্ঞ প্রতিষ্ঠান সুইপস্মার্ট ও সিডিআর ইন্টারন্যাশনালের কারিগরি দল প্রকল্পটির প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের ফলাফল উপস্থাপন করে।

চসিকের পক্ষ থেকে গবেষণাটির প্রশংসা করা হয় এবং প্রতিবেদনটি পাওয়ার পর তা গুরুত্বসহকারে পর্যালোচনার আশ্বাস দেওয়া হয়। কর্মকর্তারা মনে করেন, বর্জ্য পৃথকীকরণ ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থাপনা চালু হলে চট্টগ্রামের পরিবেশ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

বৈঠকে প্রকল্প বাস্তবায়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেল নিয়েও আলোচনা হয়। নেদারল্যান্ডসের পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করে চসিক। প্রকল্পের অবকাঠামো নির্মাণের জন্য প্রয়োজনীয় ভূমি নিশ্চিত করার বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছে।

বৈঠকে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নেদারল্যান্ডস দূতাবাসের প্রথম সচিব ইঙ্গে ক্লাসেনসহ প্রতিনিধিরাও এতে অংশ নেন।

সফরের অংশ হিসেবে রাষ্ট্রদূত ও তার দল হালিশহর ল্যান্ডফিল এবং চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন।

চসিক সূত্র জানায়, এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনা আরও আধুনিক ও পরিবেশবান্ধব হয়ে উঠবে।

এমআরএএইচ/এমআইএইচএস/