ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

উড্ডয়নের আগে যাত্রী অসুস্থ, অক্সিজেন দিয়ে রানওয়ে থেকে ফিরে এলো বিমান

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২০ এএম, ০৯ এপ্রিল ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেন্নাইগামী একটি ফ্লাইট নির্ধারিত সময় বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা ছিল। কিন্তু ফ্লাইটে থাকা একজন যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ড আগে ফ্লাইটি রানওয়ে থেকে ফিরে আসে। পরে ওই অসুস্থ যাত্রীকে ফ্লাইটে অক্সিজেন দেওয়া হয়। আর ফ্লাইটিও প্রায় দুই ঘণ্টা পিছিয়ে দুপুর ১টা ১০ মিনিটে গন্তব্যের উদ্দেশ্যে উড়াল দেয়।

গতকাল বুধবার (৮ এপ্রিল) বিমানের বিজি-৩৬৩ ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমান কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপত্তা ও জরুরি চিকিৎসা সহায়তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দ্রুত এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটির উড্ডয়নের নির্ধারিত সময় ছিল বেলা ১১টা ২০ মিনিটে। কিন্তু ফ্লাইট যখন উড্ডয়নের জন্য রানওয়েতে যায় তখন কেবিন ক্রু পাইলটকে জানান একজন যাত্রী খুব গুরুতর অসুস্থ। ওই সময় বিমানের পাইলট তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ারে যোগাযোগ করেন।

এটিসি সূত্র জানায়, নির্ধারিত সময়ে উড্ডয়নের অনুমতি দেওয়ার পর ফ্লাইটটি রানওয়েতে ছিল। উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে পাইলট হঠাৎ তাদের বলেন, আমি এখন উড্ডয়ন করতে পারবো না, ফ্লাইটের একজন যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আমাকে বোডিং ব্রিজে ফিরে যেতে হবে।

এটিসি পাইলটকে জানান, এখন দুটি মিলিটারি ফ্লাইটকে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। দু-এক মিনিটের মধ্যে আপনাকে অবতরণের অনুমতি দেওয়া হবে। আপনার কি কোনো মেডিকেল সাপোর্ট লাগবে?

পাইলট এটিসিকে জানান, আমরা এরই মধ্যে গ্রাউন্ড সার্ভিসের সঙ্গে কথা বলেছি, তারা মেডিকেল সাপোর্টের প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমাকে দ্রুত ব্রিজে অনুমতি দেওয়া হোক, রোগীকে ফ্লাইটে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

পরে মিলিটারি প্লেন অবতরণের পর ফ্লাইটটি বোর্ডিং ব্রিজে ফিরে যায় এবং ওই যাত্রীকে নিরাপদে নামানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জানায়, অসুস্থ রোগীকে নামিয়ে ফ্লাইটটি দুপুর ১টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ফ্লাইটটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজে পরিচালিত হচ্ছিল। প্রায় ২ ঘণ্টা ২৭ মিনিটের যাত্রা শেষে বিকেল ৩টা ৭ মিনিটে চেন্নাইয়ে অবতরণ করে ফ্লাইটটি।

এমএমএ/এমকেআর