ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অনুরোধ অপারেটরদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৯ এপ্রিল ২০২৬

সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি করতে সব পরিবেশক ও খুচরা বিক্রেতাকে অনুরোধ জানিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি)। বুধবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

এর আগে, বাড়তি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গত মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসকদের চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এই চিঠির পরিপ্রেক্ষিতে সংগঠনটি এই খাতের ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে বিক্রির অনুরোধ জানিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দেয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো ওই চিঠিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ অবস্থায় এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রির বিষয়ে অভিযান পরিচালনা ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, ‘এলপিজি বোতলজাতকারী প্রতিষ্ঠান থেকে সরকার নির্ধারিত মূল্যেই সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। এরই মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসকদের এই অনিয়মের বিরুদ্ধে অভিযান ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বর্তমান বৈশ্বিক জ্বালানিসংকটের এ মুহূর্তে জনদুর্ভোগ কমানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই দেশের সব এলপিজি পরিবেশক ও খুচরা বিক্রেতাকে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির জন্য অনুরোধ করা হলো।’

এর আগে, সবশেষ এপ্রিল মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে এপ্রিল থেকে প্রতি কেজিতে এলপিজির দাম বাড়ে ৩২ টাকা ৩০ পয়সা। নতুন দাম নির্ধারণের ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বেড়ে নতুন দাম হয় ১ হাজার ৭২৮ টাকা।

এনএস/এমএমকে