সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাস/ফাইল ছবি
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এ তথ্য জানিয়েছেন তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল।
তিনি জানান, বর্তমানে হাসপাতালের কেবিনে চিকিৎসা চলছে মির্জা আব্বাসের। আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। প্রতিদিন নিয়মিত থেরাপিও দেওয়া হচ্ছে। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য অবস্থান করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর আগে নজরুল ইসলাম খানও হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখে আসেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দেশের শীর্ষ নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
কেএইচ/এমএমকে